১৫ অগ্রহায়ণ, ১৪৩৩
২৯ নভেম্বর, ২০২৬
News Banner

ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

Admin Published: November 29, 2026, 2:53 pm
ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

ডিএনএন ডেস্ক: বছরের শেষ মাসের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়! ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘কানি’, যার নাম প্রস্তাব করেছে মালদ্বীপ।তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত তৈরি হবে কি না, কিংবা কোন উপকূলে আঘাত হানবে, তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিক পূর্বাভাস বলছে, এটি শক্তিশালী হলে শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে।


ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। পরে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আইএমডি জানিয়েছে, ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী ও ঘনীভূত হতে পারে। তবে শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়।


আবহাওয়া অধিদপ্তরটি আরও জানিয়েছে, বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাসে ভিন্নতা রয়েছে। কিছু মডেলের হিসাব অনুযায়ী, সম্ভাব্য নিম্নচাপটি সমুদ্রের ওপরেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়তে পারে।


অন্যদিকে, নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


যদিও আপাতত ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়টির সরাসরি আঘাত হানার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আইএমডি।