১৫ অগ্রহায়ণ, ১৪৩৩
২৯ নভেম্বর, ২০২৬
News Banner

থিয়েটার পদক পেলেন পূর্ণিমা

Admin Published: November 29, 2026, 5:09 pm
থিয়েটার পদক পেলেন পূর্ণিমা

ডিএনএন ডেস্ক: দীর্ঘ ক্যারিয়ারে মূলত সিনেমায় অভিনয় করেই দর্শকের ভালোবাসা পেয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয় করেছেন হাতে গোনা কয়েকটি নাটকেও।তবে মঞ্চনাটকে কখনো অভিনয় করা হয়নি তার। সেই পূর্ণিমাই এবার পেলেন থিয়েটার পদক। চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয়েছে ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই পদক প্রদান অনুষ্ঠান।


থিয়েটার (তোপখানা)-এর আয়োজনে এবারের আসরে সাতজন অভিনয়শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন পূর্ণিমা।

চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে এই পদকে ভূষিত করা হয়।

প্রথমবারের মতো আয়োজিত এই পদক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পূর্ণিমা। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘এই পদকের প্রথম আসরেই একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে আমাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে- এটি আমার জন্য অত্যন্ত আনন্দের, আবেগের এবং গর্বের একটি মুহূর্ত। সত্যি বলতে, এই সম্মাননা পেয়ে আমি ভীষণভাবে আবেগাপ্লুত ও সম্মানিত বোধ করছি। আমার দীর্ঘ শিল্পীজীবনের পথচলায় এই পদক একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে।’


একজন শিল্পীর কাজের মূল্যায়ন ও শিল্পসত্তার স্বীকৃতিকে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী। সম্মাননার জন্য আয়োজকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।


সম্মাননা গ্রহণের পর বক্তব্যে মঞ্চের সঙ্গে নিজের পুরোনো যোগসূত্রের কথাও তুলে ধরেন পূর্ণিমা। জানান, ছোটবেলায় বড় বোন ও দুলাভাইয়ের সুবাদে মঞ্চনাটকের সঙ্গে পরিচয় হয়েছিল তার।


পূর্ণিমা বলেন, ‘মঞ্চের সঙ্গে কিছুটা হলেও আমার কানেকশন আছে। আমি যখন ৮-৯ বছর বয়সে ছিলাম, তখন ঢাকা নান্দনিকে আমার বড় বোন মঞ্চনাটক করতেন, আমার দুলাভাই রফিকুল্লাহ সেলিম ভাই নাটক করতেন। সেই সুবাদে আমি মঞ্চে এসে ঘুরঘুর করতাম, সব দেখতাম। সুতরাং মঞ্চ আমার কাছে একেবারে অচেনা নয়।’


উল্লেখ্য, এবারের পদকজয়ী অন্য ছয় অভিনয়শিল্পী হলেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান। তাঁরা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত রয়েছেন।