২৪ কার্তিক, ১৪৩৩
০৯ নভেম্বর, ২০২৬

জিএম কাদেরের বাসভবনে হামলা

Admin Published: May 29, 2025, 10:10 pm
জিএম কাদেরের বাসভবনে হামলা

ডিএনএন ডেস্ক: রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।


বৃহস্পতিবার (২৯ মে) রাতে নগরীর সেনপাড়ার ‘স্কাই ভিউ’  নামের ওই বাড়িতে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা স্কাই ভিউ বাসভবনের সামনে এসে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।


এর আগে বৃহস্পতিবার বিকেলে রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জি এম কাদের। তিনি সেখানে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংক্রান্ত নানা বিষয় নিয়ে মতামত দেন।


পরে তার রংপুরে অবস্থানের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার উদ্দেশে রওনা হয়। এরপরই হামলার ঘটনাটি ঘটে বলে জানা গেছে।


হামলার পর থেকে ওই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে কাজ করছি।’