৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝে তৃষাকে লোভনীয় প্রস্তাব

Admin Published: May 17, 2026, 4:05 pm
মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝে তৃষাকে লোভনীয় প্রস্তাব

ডিএনএন ডেস্ক: সিনে দুনিয়ায় যখনই কোনো তারকার কাজ আলোচিত হয়, তখন তাঁর কাছে আসতে থাকে লোভনীয় সব প্রস্তাব। বড় প্রযোজনা প্রতিষ্ঠান, নামি নির্মাতা থেকে বড় অঙ্কের পারিশ্রমিকসহ খ্যাতিমান শিল্পীরা একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে থাকেন। এই চিত্র বিনোদন জগতে হরহামেশা দেখা যায়, যা নিয়ে খুব একটা অবাক হন না কেউ। দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পাওয়া নিয়ে অনেকে বিস্মিত। কারণ সাম্প্রতিক সময়ে তৃষার কোনো সিনেমা এতটা আলোড়ন তোলেনি যে রাতারাতি তাঁর পারিশ্রমিক কয়েকগুণ হয়ে যাবে। তাহলে কেন এই অভিনেত্রীকে প্রযোজক উদয়নিধি স্ট্যালিন তাঁর সিনেমায় অভিনয়ের জন্য ১২ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছেন? এখন এই প্রশ্ন অনেকের মুখে।


অনেকে ধারণা করছেন, তৃষাকে এই লোভনীয় প্রস্তাব দেওয়ার উদ্দেশ্য তাঁকে নিজেদের রাজনৈতিক দলে টেনে নেওয়া।




আনন্দবাজার, নিউজ এইটটিনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র সুপারস্টার থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরে।


সম্প্রতি সেই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে বিজয়ের প্রতিটি আয়োজনে তৃষাকে দেখতে পাওয়ায়। কয়েকদিন আগে ভারতের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণও হয়ে গেছে। সেই অনুষ্ঠানসহ নির্বাচনী ফল ঘোষণার আগে ও পরে একাধিকবার বিজয়-তৃষাকে একসঙ্গে দেখা গেছে।


এও শোনা যাচ্ছে, তৃষার জন্য প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব বেড়েছে বিজয়ের। চলছে বিচ্ছেদের মামলা। এর মাঝেই বিজয়ের বিরোধী পক্ষ থেকে মোটা টাকার প্রস্তাব পেলেন তৃষা! ডিএমকে স্ট্যালিনের পুত্র, তামিলনাড়ুর সাবেক উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের পক্ষ থেকে ১২ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছে তৃষাকে।


উদয়নিধি একটি সিনেমা তৈরি করছেন, সেখানে তিনি তৃষাকে নায়িকা হিসেবে নিতে চান। আর তাঁর পারিশ্রমিক হিসেবে ১২ কোটি রুপির প্রস্তাব দিয়েছেন তিনি। এই অঙ্ক তৃষার প্রাপ্ত পারিশ্রমিকের প্রায় ছয় গুণ। উদয়নিধি রাজনীতির পাশাপাশি তামিল সিনেমার অভিনেতা ও প্রযোজক। তবে রাজনীতির কারণে অভিনয় থেকে খানিকটা দূরে সরে যান তিনি। এখন আবার ফিরেছেন সিনেমা নির্মাণে। সেখানেই নায়িকা হিসেবে তাঁর পছন্দ তৃষাকে। যদিও তৃষা তাঁর এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছে।