২৫ কার্তিক, ১৪৩৩
১০ নভেম্বর, ২০২৬

নারী সংস্কার কমিশন নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Admin Published: April 29, 2025, 2:18 pm
নারী সংস্কার কমিশন নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ডিএনএন ডেস্ক: নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে এবার মুখ খুলেছেন আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (২৯ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ বিষয়ে কথা বলেন তিনি।


ফেসবুকে শায়খ আহমাদুল্লাহ বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা এদেশের পরিবার ব্যবস্থাপনা ভাঙার এক গভীর নীলনকশা। এই আরোপিত প্রস্তাবনা এদেশের মাটিলগ্ন সমাজ ও পরিবার ব্যবস্থাপনার বিরুদ্ধে যুদ্ধের শামিল।


আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ৩১৮ পৃষ্ঠার এ প্রস্তাবনার পাতায় পাতায় কমিশন-সদস্যদের অন্ধ পশ্চিমাপ্রীতি ও দাসত্বের ছবি ভয়ংকর রূপে ফুটে উঠেছে। কমিশন এ দেশের নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পশ্চিমা-সংস্কৃতি ও ধ্যান-ধারণার অন্ধ অনুসারী মাত্র। পশ্চিমারা জাগতিক জ্ঞান-বিজ্ঞানে আমাদের চেয়ে হয়তো একশ বছর এগিয়ে আছে। কিন্তু দাম্পত্য সুখ ও পরিবারিক জীবনে আমরা তাদের চেয়ে দুইশ বছর এগিয়ে আছি।


তিনি আরও লেখেন, তাই আর যা হোক সংস্কারের নামে পশ্চিমাদের কৃষ্টি-কালচার আমদানি করা হবে নিজের পায়ে কুড়াল মারার নামান্তর। দেশবাসী এটা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেবে না। এর আগে, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশে ও বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার পৃথক সমাবেশ থেকে এ দাবি জানায় এই দুই সংগঠন।