ডিএনএন ডেস্ক: আওয়ামী ফ্যাসিবাদের নাশকতার ঘটনায় অর্থ জোগানদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের বেশ কয়েকজনের নাম গোয়েন্দাদের হাতে এসেছে। তাদের মধ্যে কেউ দেশের বাইরে, আবার কেউ ঢাকার ভেতরে আত্মগোপনে রয়েছেন।তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছেন গোয়েন্দারা।সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতাকারীরা রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে সহিংসতাকারীরা বেশি দূর এগোতে পারেনি।
ইতোমধ্যে কয়েকজনের নাম গোয়েন্দাদের হাতে এসেছে। এদের মধ্যে যারা দেশের বাইরে রয়েছেন, তাদের পাশাপাশি ঢাকার ভেতরে আত্মগোপনে থাকা ব্যক্তিদেরও খুঁজে বের করা হচ্ছে।
এছাড়া অভিযানের পর অভিযান চালিয়ে অনেক ফ্যাসিবাদী ও নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।
এদিকে মিরপুর গোয়েন্দা বিভাগের তদন্তে উঠে এসেছে, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।
মিরপুরে এলাকায় শ্রমিক আন্দোলনের সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশ কনস্টেবল মো. সাইমনকে একা পেয়ে ঘিরে ধরে মারধর করেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা ও তদন্তের ভিত্তিতে প্রমাণ পাওয়া গেছে, এস এম মান্নান কচির সাবেক মালিকানাধীন ওই কারখানার গ্রেপ্তার হওয়া কিছু শ্রমিক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় সরাসরি জড়িত।
এ ঘটনায় তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নাম উঠে এসেছে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষে ইন্ধন ও অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রকৃত শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং রাজনৈতিক উসকানিদাতারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এস এম মান্নান কচি বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তার ব্যাংক হিসাব জব্দসহ সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
গোয়েন্দা সূত্রের দাবি, পোশাকশ্রমিকদের সাধারণ আন্দোলনের মধ্যে উসকানিদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে গিয়ে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে সাবেক দুই অতিরিক্ত আইজিপি রয়েছেন। এদের একজনের নাম আতিকুল ইসলাম। এছাড়া স্থানীয় সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সংশ্লিষ্টতার তথ্যও তদন্তে পাওয়া গেছে বলে জানা গেছে। এর আগে ইলিয়াস উদ্দিন মোল্লার এক ভাগনেকেও গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, নাশকতার নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও সরাসরি জড়িত ব্যক্তিদের প্রায় প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকে আত্মগোপনে রয়েছেন। তারা যেখানেই থাকুন,খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে আত্মগোপনে থাকা বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।