২ অগ্রহায়ণ, ১৪৩৩
১৭ নভেম্বর, ২০২৬
News Banner

রাবিতে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব, পিঠা-পুলির প্রদর্শন

Admin Published: November 16, 2026, 5:17 pm
রাবিতে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব, পিঠা-পুলির প্রদর্শন

স্টাফ রিপোর্টার: গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন চত্বরে এই উৎসবের আয়োজন করে এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ। এবারের আয়োজনে ছিল পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা, নবান্ন শোভাযাত্রা ইত্যাদি। 


এদিন সকালে কৃষি অনুষদ ভবনের সামনের চত্বরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমান। তাঁরা নবান্ন পিঠা উৎসবের স্টলগুলি পরিদর্শন করেন।

পিঠা উৎসবে ছিল বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের প্রায় শতাধিক পিঠা-পুলি। এরপর শিক্ষার্থীদের একটি সাংস্কৃতিক পরিবেশনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এগ্রোনোমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি প্রফেসর মো. মাহমুদুল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


নবান্ন উৎসব উদ্বোধন করে অতিথিবৃন্দ বলেন, বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে কৃষি অনুষদ কাজ করে যাচ্ছে। তারই অংশ এই নবান্ন উৎসব। আমাদের দায়িত্ব হলো, ইতিহাস-ঐতিহ্যকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা। যদি আমরা তাতে ব্যর্থ হই তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে গ্রাম-বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা থেকে বঞ্চিত করবো। 


নবান্ন উৎসব উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ কৃষি অনুষদভুক্ত ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।