২ অগ্রহায়ণ, ১৪৩৩
১৭ নভেম্বর, ২০২৬
News Banner

রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু

Admin Published: November 16, 2026, 5:22 pm
রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু

রাবি প্রতিনিধি : বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা আজ সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে। এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. খালেদউজ্জামান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর জি এম শফিউর রহমান, রাবি কোষাধ্যক্ষ  প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেসর মো. আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় দলের কর্মকর্তাগণ, রাবির বিভিন্ন অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, প্রতিযোগিতার বিভিন্ন কমিটি ও উপ-কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


পতাকা উত্তোলন ও বর্ণিল বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধনের পর অতিথিবৃন্দ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় ও তাদের সাথে পরিচিত হন। সেখানে একটি সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।


৯ দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 


প্রতিযোগিতার প্রথম দিনে আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বনাম পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় বনাম নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় অনুপস্থিত থাকায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ওয়াকওভার পায়। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলা চলছিল।