২৬ কার্তিক, ১৪৩৩
১০ নভেম্বর, ২০২৬

নাটোরে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা, দুই ছাত্রলীগ কর্মী আটক

Admin Published: November 10, 2026, 1:16 pm
নাটোরে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা, দুই ছাত্রলীগ কর্মী আটক

ডিএনএন ডেস্ক: রাজশাহীর পুঠিয়ার সেনভাগে নাটোর-রাজশাহী মহাসড়কে যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের চেষ্টার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে নাটোর সদর থানা-পুলিশ।সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের নাটোর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন, আল-আমিন (২২) ও শিহাব (১৯)।


নাটোর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম মোস্তফা আনাম ঢাকা পোস্টকে বলেন, ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে তারা সতর্ক অবস্থানে ছিলেন। রাত ১১টার দিকে সেনভাগ এলাকা থেকে কয়েকটি মোটরসাইকেলে করে কিছু লোককে দ্রুতগতিতে পালিয়ে যেতে দেখেন তারা। পরে জানতে পারেন, ওই ব্যক্তিরা মহাসড়কে চলাচলকারী বাস ও ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে কাফুরিয়া বাজার এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই এলাকায় পাঁচ থেকে সাতটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।


আটককৃত শিহাব দাবি করেন, তার বন্ধু সাগর তাকে একটি জায়গায় যাওয়ার কথা বলে সেখানে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন, তারা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর উদ্দেশ্যে এসেছেন। একপর্যায়ে সেখান থেকে চলে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি। পরে তাদের সঙ্গে থাকা কয়েকজন ট্রাক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তারা সড়ক অবরোধ করতে এসেছিলেন বলেও পরে জানতে পারেন বলে দাবি করেন তিনি।


অপর আটককৃত আল-আমিন বলেন, তিনি ছাত্রলীগের সাধারণ কর্মী। ঝলমলিয়ার সেনভাগ এলাকায় তাদের সড়ক অবরোধের কর্মসূচি ছিল। সেখানে গিয়ে তারা কয়েকটি যানবাহন থামানোর চেষ্টা করেন এবং কয়েকটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে মোটরসাইকেলে করে কয়েকজনকে আসতে দেখে তারা পালিয়ে যান। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।


আল-আমিন আরও বলেন, তারা পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসের নির্দেশে সেখানে সড়ক অবরোধ করতে গিয়েছিলেন। 


স্থানীয় বাসিন্দা রবিন  বলেন, খবর পেয়ে কাফুরিয়া বাজারে গিয়ে দুজনকে আটক অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।


এবিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গাড়ি ভাঙচুরের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কারণে থানা-পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।