২৪ কার্তিক, ১৪৩৩
০৮ নভেম্বর, ২০২৬

পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ এক মাস বাড়ল

Admin Published: March 27, 2025, 11:53 pm
পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ এক মাস বাড়ল

ডিএনএন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের গঠন করা পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আবারো বাড়ানো হয়েছে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন ও নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।নতুন সময় অনুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত কাজ করার সময় পাবে এসব সংস্কার কমিশন।


বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সময় বাড়ানোর কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।



এর মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের সারসংক্ষেপ জমা দেওয়া হয়েছে। বাকি তিনটি সংস্কার কমিশন এখনো প্রতিবেদন জমা দেয়নি। মার্চ মাস পর্যন্ত এসব কমিশনের সময় রয়েছে। এখন তা আরও বাড়ল।


এর আগে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এগুলো হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।


উল্লেখ্য, গত ১৮ নভেম্বর এই পাঁচ সংস্কার কমিশন গঠন করেছিল সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। গত ১৭ ফেব্রুয়ারি সেই মেয়াদ শেষ হয়েছিল। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় গত ১৮ ফেব্রুয়ারি কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১ মার্চ করে সরকার। এবার দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হলো।