স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে দুজন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার দুপুরের দিকে রামেক হাসপাতালে এ ঘটনা ঘটে।
আটক দুই নেতা হলেন- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। এদিকে দুই সাবেক নেতাকে অবরুদ্ধ করার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।
রামেক হাসপাতাল সূত্রে জানা জানা গেছে, এই ক্যাম্পাসে তারা বিভিন্ন জনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিগত সরকারের অংশ হিসেবে অত্যাচার-নির্যাতন এবং বিভিন্ন ধরনের অপকর্ম করেছিল। এইটার প্রতিফলন হিসেবে তাদের ইন্টার্নশিপ বাতিল হয়। দুই বছর শেষে ওরা পরিচালক বরাবর একটা আবেদন করেছিল। তারা যেন ইন্টার্নশিপে যোগদান করতে পারে। সেক্ষেত্রে মঙ্গলবার ডিসিপ্লিনারি কমিটি বসেছিল। সেই কমিটির সিদ্ধান্ত ছিল যেহেতু এটা আগের কমিটি করেছে। সেই কমিটির ওপরে দায়িত্ব এই স্থগিতাদেশ বহাল রাখা হবে, নাকি তুলে নেওয়া হবে।
যেহেতু সারাদেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও অপকর্ম করার চেষ্টা করছে। সেই আশঙ্কায় সর্বদলীয় স্টুডেন্ট এবং চিকিৎসকদের মধ্যে থেকে তাদের বিরুদ্ধে স্লোগান দেয়। সেই পরিস্থিতিতে তারা হাসপাতালের পরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের কক্ষে ঢুকে পড়েন। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, অ্যাপ্লিকেশন ছিল ইন্টার্নশিপ ছাত্রলীগের দুইজন নেতার। তাদের ইন্টার্নশিপ কন্টিনিউ করার জন্য একটা অ্যাপ্লিকেশন করেছিল পরিচালক বরাবর। সেটা নিয়ে ডিসিপ্লিনারি কমিটি বসেছিল। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুসারে যে কমিটি তাদেরকে স্থগিতাদেশ দিয়েছিল ইন্টার্নশিপের ওপরে। তাদের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে। সেই সিদ্ধান্ত দিয়ে পরিচালক মহোদয় ওইখানকার বৈঠক শেষ করেন। কিন্তু তারা সেখানে অবস্থান করেন। তারা (ওই ছাত্রলীগের দুই নেতা) চান যাতে এখানে তারা ইন্টারনশিপ কন্টিনিউ করতে পারেন।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে সাধারণ স্টুডেন্টরা তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া দিলে তারা পরিচালকের রুমে ঢুকে পড়েন। এ সময় পরিচালক রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে অবহিত করেন। পরে তারা (পুলিশ) এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে পুলিশ পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করবে বলেও জানান তিনি।