২৪ কার্তিক, ১৪৩৩
০৮ নভেম্বর, ২০২৬

সামুদ্রিক পরিবহন চুক্তিতে সই করলেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা

Admin Published: April 3, 2025, 1:14 pm
সামুদ্রিক পরিবহন চুক্তিতে সই করলেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা

ডিএনএন ডেস্ক: বঙ্গোপসাগরীয় সাত দেশের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন বিমসটেক জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এ চুক্তিটি সই করেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


পরে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি তার বক্তৃতায় একটি অভিন্ন বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।


তৌহিদ হোসেন রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থানও স্পষ্ট করেন। তিনি জানান, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১২ লাখ রোহিঙ্গার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের সহায়তায় পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।


বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীরা ২০তম বৈঠকের মধ্যে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের জন্য খসড়া আলোচ্যসূচি এবং শীর্ষ সম্মেলন ঘোষণার খসড়া চূড়ান্ত করেন। এ খসড়া সম্মেলনটি শুক্রবার (০৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে।


এছাড়া, পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠক ঢাকায় আয়োজন করা হবে। ২০তম বৈঠকের শেষাংশে প্রতিবেদন গ্রহণের মাধ্যমে বৈঠকটি সমাপ্ত হয়।