২৪ কার্তিক, ১৪৩৩
০৮ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত

Admin Published: April 21, 2025, 6:52 pm
শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত

ডিএনএন ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। গত ১৬ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত কার্যকর হয়। 


এনআইডি স্থগিত হওয়াদের মধ্যে আরও আছেন শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন রেহানা সিদ্দিক (শেখ রেহানা), বোনের মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। 


গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এবং এখনো সেখানেই অবস্থান করছেন। 


গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। 


সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের বিভিন্ন আদালতে অসংখ্য হত্যা মামলা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। অবশ্য ভারতের পক্ষ থেকে এই চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি।