৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

সম্পর্ক ও সমাজের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি নিয়ে ‘সুখবিলাস’

Admin Published: May 26, 2026, 5:33 pm
সম্পর্ক ও সমাজের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি নিয়ে ‘সুখবিলাস’

ডিএনএন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এটিএন বাংলা-এর পর্দায় প্রচার হতে যাচ্ছে নতুন নাটক ‘সুখবিলাস’। পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও মনিরা মিঠু।


নাটকটির গল্প ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইকসান রনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আহমেদ তাওকীর এবং ইকসান রনি। টেলিভিশনে প্রচারের পর নাটকটি মুক্তি পাবে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে।



‘সুখবিলাস’-এর গল্প আবর্তিত হয়েছে একজন আদর্শ শিক্ষক ও স্নেহশীল বাবা সামাদ মাস্টার এবং তার মেয়ে শিউলিকে ঘিরে। পরিবারের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা, সামাজিক বিচার-বিশ্লেষণ এবং জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, দর্শক এখানে খুঁজে পাবেন আবেগঘন এক মানবিক গল্প, যেখানে সম্পর্কের বিষয়টি যেমন আছে, তেমনি রয়েছে সমাজের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবিও।


নাটকটিতে আরও অভিনয় করেছেন মারিয়া শান্ত, জুনায়েদ বোগদাদী, অদিতি জামান স্নেহা, শিরিন আলম, আশরাফুল আশীষ, আর সি অরণ্য, কাঁকন চৌধুরী, পঙ্কজ, রিপন এবং মেঘদূত বিপ্লবসহ আরও অনেকে।