৬ অগ্রহায়ণ, ১৪৩৩
২১ নভেম্বর, ২০২৬
News Banner

যুক্তরাষ্ট্র ট্যাংকারে হামলা চালালে সামরিকভাবে জবাব দেবে ইরান

Admin Published: November 20, 2026, 5:01 pm
যুক্তরাষ্ট্র ট্যাংকারে হামলা চালালে সামরিকভাবে জবাব দেবে ইরান

ডিএনএন ডেস্ক: ইরানের তেল রপ্তানি পুনরায় চালু করাই এখন তেহরানের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালালে কিংবা চলাচলে বাধা দিলে সামরিকভাবে জবাব দেবে ইরান। এমন মন্তব্য করেছেন তেহরানভিত্তিক গবেষক আলী আকবর দারেইনি।


তিনি বলেন, ‘ইরানের কৌশল অবশ্যই হরমুজ প্রণালি দিয়ে আবারও তেল রপ্তানি শুরু করা। মার্কিনিরা যদি ইরানি ট্যাংকারে হামলা চালায় বা হয়রানি করে, তাহলে ইরান সামরিকভাবে জবাব দেবে। কারণ, নৌ অবরোধ যুদ্ধ ঘোষণার শামিল।’


দারেইনির মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেওয়াই ইরানের লক্ষ্য। এজন্য সামরিক ও বেসামরিক দুই ধরনের কৌশলই কাজে লাগাতে পারে তেহরান। এর মধ্যে অঞ্চলটির বিভিন্ন তেল স্থাপনায় হামলার বিষয়টিও থাকতে পারে।


তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পাচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ কার্যক্রম অব্যাহত থাকলে ইরান দেশটির কোনো তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। তবে দারেইনির এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। এ বিষয়ে ইউএইর পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


দারেইনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো যুদ্ধে ফেরেননি সামরিক সীমাবদ্ধতার কারণে। একই সঙ্গে সংঘাতের উত্তেজনা বাড়ানো ও কমানোর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কাও তাকে ভাবাচ্ছে।


তিনি বলেন, ‘ট্রাম্প যদি আবার যুদ্ধে ফেরেন, তাহলে তাকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। আর যুদ্ধে না ফিরলেও তার জন্য এর মূল্য ক্রমাগত বাড়তে থাকবে।’


সূত্র : আল জাজিরা