স্টাফ রিপোর্টার : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, ২৫ ডিসেম্বর হবে বাংলাদেশের আরেকটি নতুন ইতিহাস। কারন এইদিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক, তৃনমুলের প্রাণের স্পন্দন, বেগম জিয়া ও জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। তাই দেশের জন্য এদিনটি অত্যন্ত গুরুত্বপুর্ন এবং ঐতিহাসিক হতে যাচ্ছে।
মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার বিলধরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনকল্যাণ যুব সংঘের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আঠারো বছর পূর্বে মঈনউদ্দীন-ফকরুদ্দীনের সময়ে তাঁকে আটক করে অমানষিক নির্যাতন করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হলে দেশে কিছু আইনী প্রক্রিয়া শেষ করে লন্ডনে চিকিৎসার জন্য যান। সেই থেকে তিনি লন্ডনেই রয়েছেন। পতিত সরকারের স্বৈরাচার খুনি হাসিনা তাঁকে দেশে ফিরতে দেয়নি। নানাভাবে তাঁকে দেশের বাহিরে থাকতে বাধ্য করেছে। তবে সকল ষড়যন্ত্র ও গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন।
মিলন বলেন, আজকের দিন (১৬ ডিসেম্বর) বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। কিন্তু স্বাধীনতা এমনিতে আসেনি। ইতিহাসের াখালরাজা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর থাকাকালীন বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেছিলেন। তিনি স্বাধীনতার ডাক দিয়ে দিশেহারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। শুধু ঘোষনা নয় তিনি সম্মুখভাবে যুদ্ধও করেছিলেন। আজকে সেইদিন দীর্ঘ নয় মাস বাংলার আপামর জনগণ যুদ্ধ করে পাকিস্তানী বাহিনীকে পরাজিত করে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন এবং বাংলাদেশ নামে একটি ভূখন্ড রচিত করেছিলেন।
স্থানীয় সমাজসেবক আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুরশেদ আলী মাস্টার, দর্শনপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রমজান আলী, প্যানেল চেয়ারম্যান আজাদ আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, যুবদল নেতা কামারুজ্জামান মাস্টার প্রমুখ।