ডিএনএন ডেস্ক: আগামী ১০ মে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। এ উপলক্ষে উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের হাতে পদক তুলে দেবেন বলে জানা গেছে।
এ বছর মোট ১০৭ জন সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছে। পুলিশের সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় র্যাবে দায়িত্ব পালনরত সেনাবাহিনী ও বিমানবাহিনীর কয়েকজন কর্মকর্তাও পদক পাচ্ছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ সপ্তাহ শুরুর আগেই আগামী ২ মে পদকের জন্য মনোনীতদের রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত চিঠিতে ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষর করেন। চিঠিতে পদকপ্রাপ্ত ১০৭ জন সদস্যের নাম, পদবি ও ঠিকানাও সংযুক্ত রয়েছে।
এর আগে ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১১৭ জন এবং তার আগের বছর ২৩০ জন।