১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন

Admin Published: May 1, 2026, 12:01 pm
রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন

ডিএনএন ডেস্ক: দেশের কৃষিখাতে সার সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া থেকে বিপুল পরিমাণ মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৩৫ হাজার মেট্রিক টন সার কেনার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কমিটির ১৯তম বৈঠকে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়।


সরকারি পর্যায়ের চুক্তির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা ‘জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিন্টর্গ)’ থেকে সারটি সংগ্রহ করবে। বর্তমান চুক্তির এটি দশম চালান, যার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার মেট্রিক টন, যদিও প্রয়োজনে এতে ১০ শতাংশ পর্যন্ত তারতম্যের সুযোগ রাখা হয়েছে।


প্রতি মেট্রিক টন সার ৩৬৮ দশমিক ১৩ মার্কিন ডলার দরে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এই চালান আমদানিতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা।