৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাবিতে মানববন্ধন

Admin Published: December 19, 2024, 2:21 pm
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি : আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, রাজশাহী ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তার বেনজামিন টুডুর অপসারণের দাবি এবং নবনিযুক্ত পরিচালক হরেন্দ নাথ সিং এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে মানববন্ধন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ এবং রাজশাহী মহানগর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়।

এসময় তারা, ‘ষড়যন্ত্রকারী বেনজামিন টুডুর অপসারণ চাই', ‘আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই’ ‘আমরা আদিবাসী ‘বৃত্তির টাকা লোপাটকারী বেনজামিন টুডুর অপসারণ চাই’, ‘আদিবাসীদের জন্য নতুন ভূমি কমিশন গঠন করতে হবে’ ইত্যাদি লেখা সংবলিত প্লেকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধনে পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড় বলেন, দীর্ঘদিন ধরে অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে আদিবাসী ছাত্ররা।  হরেন্দ সিং এর বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ নিয়ে এসেছেন তাদেরকে আমরা ধিক্কার জানায়। বেনজামিন টুডুর ছত্রছায়ায় আপনারা যারা একজন যোগ্য ব্যাক্তির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন তারা কিসের ভিত্তিতে এসব করেন আমাদের সব জানা আছে ।

ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন বলেন, ৫ আগষ্টের পূর্বের বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। স্বাধীনতা যুদ্ধে পাহাড়ী থেকে সমতল সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। দেশ স্বাধীন হওয়ার পরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য যখন সংসদে দাবি জানানো হয়েছিল শেখ মুজিবুর রহমান তা প্রত্যাখ্যান করেছিলেন। বর্তমান সময়ে দেশের সংস্কারের যে বন্দোবস্ত চলছে সেখানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। হরেন্দ নাথ সিং আওয়ামী ফ্যাসিবাদি সময়ের নির্যাতনের শিকার একজন মানুষ। স্বাধীন দেশে সবাই মত প্রকাশের অধিকার রাখে এবং নিজস্ব মতাদর্শ লালন করতে পারে। হরেন্দ নাথ সিং জাতির অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিয়েছেন। তার বিরুদ্ধে যেসব মিথ্যা আনা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানায়।

আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস বলেন,  আমরা যদি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই তবে এই বাংলাদেশের সবাইকে স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাহাড়ে যেসব হামলা হয়েছে তার বিচার করতে হবে। পাহাড়ে যে ভূমি সমস্যা রয়েছে সেজন্য ভূমি কমিশন গঠন করতে হবে।আদিবাসীদের জন্য আমরা একটি কালচারাল একাডেমি চেয়েছিলাম। সেই একাডেমির নাম দেয়া হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার একাডেমি। যার ফলে আদিবাসীরা সেখানে সম্পৃক্ত হতে পারছেন না। আমরা দাবি জানাই এর নাম আদিবাসী কালচার একাডেমি করা হোক।'

আদিবাসী ছাত্র পরিষদ (রাবি)  সদস্য স্বপন তিগ্যার সঞ্চালনায়  আরো বক্তব্য দেন, জাতীয় আদিবাসি পরিষদের কেন্দ্রীয় কমিটির-দপ্তর সম্পাদক নকুল পাহান,পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি  ছাত্র পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি  বিজয়  চাকমা,আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমার উরাং।