স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভেকেট শফিকুল হক মিলন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ সুযোগ। তাই প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী ও ঐক্যবদ্ধ নির্বাচনী কমিটি গঠন করা এখন সময়ের দাবি। প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, যেন ভোটকেন্দ্র হয় বিএনপি ও জনগণের আন্দোলনের কেন্দ্রবিন্দু। ভোটের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে নির্বাচনী কমিটির ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর নওহাটা পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন। সোমবার বিকেলে নওহাটা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শফিকুল হক মিলন আরো বলেন, আমরা আন্দোলনের মাঠে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, নির্বাচনের ক্ষেত্রেও তেমন ঐক্য বজায় রাখতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা বিএনপির অঙ্গীকার। এই লক্ষ্য বাস্তবায়নে মাঠের প্রতিটি কর্মীকে নিবেদিত থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মো. মুকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, বিএনপি নেতা মর্তুজা, শরিফুর রহমান শরীফ, এমদাদুল হক এমদাদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
সভায় নওহাটা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলকে আহ্বান জানান।