৫ বৈশাখ, ১৪৩৩
১৮ এপ্রিল, ২০২৬

আসছে অপার্থিবের প্রথম অ্যালবাম

Admin Published: March 15, 2025, 10:49 pm
আসছে অপার্থিবের প্রথম অ্যালবাম

ডিএনএন ডেস্ক: অপার্থিব ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’ প্রকাশ পাচ্ছে আগামী ২৮ মার্চ, যা নিয়ে ব্যান্ডটি খুবই উচ্ছ্বাসিত। তাদের বহুল প্রতীক্ষিত এই অ্যালবামটি প্রধান সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে।


অর্কেস্ট্রা ও পাওয়ার মেটাল রিদমের মিশ্রণে অ্যালবাম আবছা নীল কণাতে মোট ৭টি গান থাকবে। অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘আবছা নীল কণা’ এর মিউজিক ভিডিওর শুটিং এরই মধ্যে শেষ হয়েছে এবং পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।


ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন কালবেলাকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত এই অ্যালবামের ৫টি ট্র্যাক প্রকাশ করেছি। আমাদের সংগীতের প্রতি আন্তর্জাতিক ও দেশীয় শ্রোতাদের অফুরন্ত ভালোবাসা এবং আবেগ আমাদের গভীরভাবে স্পর্শ করে। প্রথম অ্যালবামের কাজের ক্ষেত্রে শ্রোতাদের সমর্থন এবং ভালোবাসা ছিল আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে অন্যতম একটি মাধ্যম, যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’


অপার্থিব প্রথম মঞ্চে উপস্থিত হয় ২০০৯ সালে, যখন ব্যান্ডের সব সদস্য ছিলেন কার্লটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বর্তমানে ব্যান্ডের পাঁচ সদস্য সৈয়দ আদনান আলী কিরন (ড্রামস), সালেহীন চৌধুরী উচ্ছ্বাস (ভোকাল ও গিটার), আসফিন হায়দার দিশা (ভোকাল), আদিয়ান ফয়সাল পূর্ণা (কিবোর্ড) সৈয়দ আহসান আলী কিরন (বেজ গিটার) কানাডার অটোয়াতে বসবাস করছেন।


স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে পরিচিতি অর্জন করছে অপার্থিব। তাদের লক্ষ্য, বিশ্বব্যাপী শ্রোতাদের সঙ্গে তাদের সংগীত ভাগ করে নেওয়া এবং মানুষকে আরও আবেগের সঙ্গে বাঁচতে উৎসাহিত করা।