ডিএনএন ডেস্ক: ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ধরনের কাজকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ও বলছে মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে এখনও সচেতন নয় দেশের মানুষ। কাজেই এ নিয়ে সরকার থেকে শুরু করে বহু সামাজিক কিংবা প্রাণী কল্যাণ সংগঠনগুলো সচেতনতার বার্তা দিচ্ছে।
দেশের শোবিজ তারকারাও যে যার মতো করে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। অভিনেত্রী জয়া আহসানও দিলেন সেই বার্তা। এ বছর বাজি-পটকা না ফুটিয়ে থার্টি ফার্স্ট উদযাপনের আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট লেখেন জয়া।
সেখানে উঠে আসে- নতুন বছর বরণকে কেন্দ্র করে প্রাণিহত্যার দিকটি। সরাসরি না হলেও পরোক্ষভাবে এই হত্যার দায় নিজেদের বলেও সতর্ক করেন অভিনেত্রী। জয়া লেখেন, ‘মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না।
অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নীড়ে, রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করবে বলে। কিন্তু সেই রাতে কী যেন হয় মানুষের। তারা ঘুমায় না। তীব্র হট্টোগোল শুরু হয়, যেন যুদ্ধ! বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উড়ছে।
হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির ঘর। কেউ কেউ পুড়ে মরে, কেউবা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়। কিন্তু আকাশটাই তো নিরাপদ না।’