স্টাফ রিপোর্টার : রাজশাহী বাঘার আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের সামনের বারান্দা ও আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার দিবাগত গভীররাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারে বিএনপির কার্যালয়ে এ আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝিনা রেলগেট বাজারের পাহারাদার রফিকুল ইসলাম বলেন, বাজারে দক্ষিণ পাশে বিএনপির অফিস। রাত দুইটার দিকে কে বা কারা আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায়। তাদের চিনতে পারিনি। পরে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
৩ নম্বর ঝিনা ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতি আক্কাছ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পরে নিজ এলাকায় আওয়ামী লীগ-বিএনপিসহ সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু অতি উৎসাহী কিছু আওয়ামী লীগের লোকজন নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করে। তারাই রাতের আঁধারে আমাদের কার্যালয় পুড়িয়ে দিয়েছো। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।