স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার দ্বীপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ চন্দ্র ভৌমিকে (৫৫) আটক করেছে পুলিশ। সোমবার দুপুরের পরে পুলিশ পরিষদ থেকে তাঁকে আটক করে। তিনি দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা।
গত ২০২৪ সালের ৫ আগস্ট গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মুনছুর রহমানকে গুলি করার অভিযোগ থানায় মামলা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিনের মত সোমবার তিনি ইউনিয়ন পরিষদে বসে দাফতরিক কাজ করছিলেন। দুপুরের পরে বাগমারা থানার একদল পুলিশ সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হলেও বিগত ইউনিয়ন পরিষদে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন।
গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি এলাকাতেই অবস্থান করছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিকাশ চন্দ্র ভৌমিকের স্বজনেরা জানান, তিনি (বিকাশ চন্দ্র) পঙ্গু। তাঁর একটি কৃত্রিম পা লাগানো। গত ২০২৩ সালে বাম পা কেটে কৃত্রিম পা লাগানো হয়েছে।