২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

শিল্পকলায় দমের মাদার নাটকের ৮০ তম প্রদর্শনী

Admin Published: May 4, 2026, 1:36 pm
শিল্পকলায় দমের মাদার নাটকের ৮০ তম প্রদর্শনী

ডিএনএন ডেস্ক: নাট্যম রেপার্টরির বহুল প্রশংসিত প্রযোজনা ‘দমের মাদার’ নতুন এক মাইলফলকের দ্বারপ্রান্তে। দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে নাটকটি এখন ৮০তম প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছে। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী উৎসব, যেখানে টানা তিন দিনে মোট পাঁচটি শো মঞ্চস্থ হবে।


 উৎসবের সূচনা হবে ৬ মে, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দমের মাদার-এর প্রদর্শনীর মাধ্যমে। পরদিন ৭ মে, বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শেষ দিন ৮ মে, শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরও দুটি শো মঞ্চে উঠবে। মাদার পীরের আখ্যান অবলম্বনে রচিত এ নাটকে উঠে এসেছে বাংলার লোকরীতিভিত্তিক মাদার পীরের পালাগান। এমন একটি সম্প্রদায়কে ঘিরেই নাটকের কাহিনির সূত্রপাত ঘটে। নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা। 


২০১০ সালে প্রথম মঞ্চায়নের পর থেকে নাটকটি দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও অংশ নিয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন– শিশির রহমান, শুভাশিষ দত্ত তন্ময়, পারভীন আখতার পারু, লিটা খান, মনোহর দাস, শাকিল আহমেদ, অমিতাভ রাজিব, বিউটিসহ আরও অনেকে। পরিমল মজুমদারের সংগীত পরিচালনায় নাটকের সুর ও সংগীত করেছেন শিশির রহমান। পাশাপাশি নাটকের দৃশ্য ও আলোক পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। নাট্যম রেপার্টরি জানায়, দর্শকদের ভালোবাসাই তাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। তাই এই বিশেষ আয়োজনকে ঘিরে নাট্যপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।