৪ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

বিশ্বে সবচেয়ে দ্রুত বাড়ছে ইসলাম ধর্মের অনুসারী

Admin Published: June 11, 2025, 11:27 pm
বিশ্বে সবচেয়ে দ্রুত বাড়ছে ইসলাম ধর্মের অনুসারী

ডিএনএন ডেস্ক: বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে দ্রুত হারে বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। প্রতিষ্ঠানটির ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত মানুষের সংখ্যা শুধু খ্রিষ্টধর্ম নয়, বরং সব ধর্মের সম্মিলিত প্রবৃদ্ধির চেয়েও বেশি ছিল।


গবেষণায় উল্লেখ করা হয়েছে, ইসলাম ধর্মের এই ব্যাপক বৃদ্ধির পেছনে মূলত প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি দায়ী। অর্থাৎ মুসলিম পরিবারের সন্তানসংখ্যা তুলনামূলক বেশি এবং মুসলমানদের গড় বয়সও কম। গবেষণায় দেখা যায়, একজন মুসলিম নারী গড়ে ২.৯টি সন্তান জন্ম দেন, যেখানে অমুসলিম নারীদের গড় ২.২টি।


ধর্মান্তরের মাধ্যমে ইসলাম গ্রহণের হার তুলনামূলকভাবে কম হলেও অন্যান্য প্রধান ধর্মগুলোর তুলনায় এখানে ধর্মান্তরিত হয়ে ধর্মে আসা মানুষের সংখ্যা ধর্মত্যাগীদের চেয়ে বেশি।


গবেষণা অনুযায়ী, খ্রিষ্টধর্ম এখনো বিশ্বের সর্ববৃহৎ ধর্ম। বর্তমানে প্রায় ২৩০ কোটি মানুষ এই ধর্মের অনুসারী। তবে ইসলাম ধর্মের প্রবৃদ্ধির হার এতটাই বেশি যে, আগামী কয়েক দশকে খ্রিষ্টধর্ম ও ইসলামের মধ্যে ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে আসবে।


২০১০ সালের পর থেকে খ্রিষ্টান জনসংখ্যা ১.৮ শতাংশ কমেছে। একই সময়ে ইসলাম ধর্মে প্রায় ৩৫ কোটি নতুন অনুসারীর সংযোজন ঘটেছে—যা খ্রিষ্টধর্মের চেয়ে প্রায় তিন গুণ বেশি।


বিশ্বব্যাপী ইসলাম ধর্মের প্রবৃদ্ধি মূলত মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই ঘটেছে। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে কাজাখস্তান, বেনিন ও লেবাননে। তবে কিছু দেশে—যেমন ওমান ও তানজানিয়া মুসলমানদের অনুপাত কিছুটা কমেছে।


এদিকে, যুক্তরাষ্ট্রে ধর্মহীন মানুষের সংখ্যা গত এক দশকে ৯৭ শতাংশ বেড়েছে। গবেষণা বলছে, বিশ্বের সবচেয়ে বেশি ধর্মহীন মানুষ চীনে, যেখানে প্রায় ১৩০ কোটি মানুষ কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন।


হিন্দু ধর্ম বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম। বর্তমানে এ ধর্মের অনুসারী প্রায় ১২০ কোটি। গত এক দশকে বেড়েছে ১২ কোটির বেশি।


বৌদ্ধ ধর্ম হচ্ছে একমাত্র প্রধান ধর্ম, যেখানে অনুসারীর সংখ্যা কমেছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে কমেছে ১ কোটি ৮৬ লাখ।


ইহুদি ধর্মে সামান্য প্রবৃদ্ধি ঘটেছে—প্রায় ১০ লাখ।


শিখ, বাহাইসহ অন্যান্য ধর্মের সম্মিলিত অনুসারী বর্তমানে বিশ্বের ২.২ শতাংশ।


গবেষণায় দেখা যায়, খ্রিষ্টধর্মে ধর্মান্তরের হার নেতিবাচক। প্রতি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি খ্রিষ্টধর্ম গ্রহণের বিপরীতে তিনজন ধর্ম ত্যাগ করেছেন। অপরদিকে, ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে আসা মানুষের সংখ্যা ধর্মত্যাগীদের তুলনায় বেশি। এটি একমাত্র প্রধান ধর্ম যেখানে এই চিত্র দেখা যায়।


ধর্মহীন মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১০ সালের তুলনায় এখন প্রায় ২৭ কোটি মানুষ নতুন করে ধর্মহীন হয়েছেন। প্রতি একজন ব্যক্তি ধর্মহীনতা ত্যাগ করলেও তিনজন নতুন করে ধর্মহীন হয়েছেন।


তথ্যসূত্র: মিডল ইস্ট আই