ডিএনএন ডেস্ক: ঈদের অন্যতম আলোচিত সিনেমা রাক্ষস। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই রোমান্টিক থ্রিলারটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’-এর নির্মাতার এই সিনেমাটি এবার দেশের সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (১৭ এপ্রিল)।
আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে গ্যালাক্সি মিডিয়া। উত্তর আমেরিকার ৯টি শহরে সিনেমাটি প্রদর্শিত হবে। এ উপলক্ষে নিউইয়র্কের একটি পার্টি হলে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ।
গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। রাক্ষস এমন একটি চলচ্চিত্র, যা শুধু বিনোদনই দেবে না-দর্শকদের ভেতর থেকে নাড়িয়ে দেবে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ‘রাক্ষস’ চরিত্রে এক ভিন্নরূপে হাজির হচ্ছেন। ইতোমধ্যেই পোস্টার ও প্রচারণায় তার লুক দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। রিয়েল এনার্জী প্রোডাকশন-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধান প্রধান এএমসি সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’। উল্লেখযোগ্য কয়েকটি থিয়েটার হলো কলোরাডো: এএমসি হাইল্যান্ডস র্যাঞ্চ ২৪ এবং এএমসি ফোর্ট কলিন্স ১০; ফ্লোরিডা: এএমসি অ্যাভেন্টুরা মল ২৪ এবং এএমসি সানসেট প্লেস ২৪; নিউ জার্সি: এএমসি জার্সি গার্ডেনস ২০, এএমসি ব্রান্সউইক স্কয়ার ১৩ এবং এএমসি চেরি হিল ২৪; পেনসিলভেনিয়া: এএমসি নেশামিনি ২৪ (এখানে ২২ এপ্রিল থেকে প্রদর্শিত হবে); ম্যাসাচুসেটস: এএমসি বার্লিংটন ১০; মিশিগান: এএমসি ফোরাম ৩০; ওহাইও: এএমসি ইস্টন টাউন সেন্টার ৩০; নর্থ ক্যারোলিনা: এএমসি ক্লাসিক জ্যাকসনভিল ১৬; ওকলাহোমা: এএমসি পেন স্কয়ার মল ১০।