১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে পবার ইউএনও বদলি

Admin Published: September 12, 2024, 6:21 pm
ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে  পবার ইউএনও বদলি

স্টাফ রিপোর্টার : মাঠ পর্যায়ের কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাতকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইউএনও হিসেবে বদলি করা হয়।

প্রায় এক বছর আগে পবার ইউএনও হিসেবে যোগ দেন আবু সালেহ মোহাম্মদ হাসনাত। তাঁর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠে। এর মধ্যে, গত জুনে পবার কাশিয়াডাঙ্গা এলাকায় প্রকল্প বাস্তবায়ন কমিটি ছাড়াই ৯১ লাখ ৫০ হাজার টাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু করেন তিনি। নওগাঁর আত্রাই থেকে নিজের চাচাতো ভাই রাজীব রনককে এনে তাঁকে দিয়েই কাজ করাচ্ছিলেন তিনি। রাজীব রনক পবায় ইউএনওর সরকারি বাসভবনেই থাকতেন।

এছাড়া আশ্রয়ণ প্রকল্পের ৩০টি ঘর নির্মাণে ইটভাটা থেকে ঘুষ নেওয়ারও অভিযোগ আছে ইউএনওর বিরুদ্ধে। পবার হরিয়ানে পুকুর কাটতে দেওয়ার বিনিময়ে ইটভাটার মালিকের কাছ থেকে ওই ঘুষ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। 

পবা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পবায় ঘুষের চুক্তি করে পুকুর খনন করতে দিতেন ইউএনও। কোথাও পুকুর খননের কথা শুনলে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের ফোন করে দেখা করতে বলতেন। 

জানা গেছে, ইউএনও হাসনাতের সব অনিয়মের সঙ্গী অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক সাদ্দাম হোসেন। সম্প্রতি সাদ্দামকে অন্য উপজেলায় বদলি করা হয়। কিন্তু তারপরও সাদ্দামকে সন্ধ্যার পর অফিসে এনে কাজ করাতেন ইউএনও। সরকারি গাড়ির অপব্যবহার এবং উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তাদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ আছে ইউএনও হাসনাতের বিরুদ্ধে। এসব নানা অভিযোগের প্রেক্ষিে তাকে বদলী করা হয়েছে বলে জানা গেছে।