৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

চারঘাটে পুকুর খননরোধে অভিযান

Admin Published: January 26, 2025, 6:17 pm
চারঘাটে পুকুর খননরোধে অভিযান

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে পুকুর খননকারীদের ধরতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেনের নেতুত্বে উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তীক হিন্দুপাড়া, হাবিবপুর ও রায়পুর এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় পুকুর খননকারী কাউকে আটক করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত। তবে এসকেভেটর (মাটি খননযন্ত্র) বিনষ্ট করা হয়। এছাড়া এসকেভেটরের বাটারী জব্দ করা হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চারঘাটে অবৈধভাবে পুকুর খনন চলছে। তিন ফসলী জমি ও আমের বাগান কেটে সাবার করে এক শ্রেণীর অর্থলোভি মানুষ অবৈধভাবে পুকুর করে আসছিলো। তবে তা বন্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। 

পুকুর খনন বন্ধে মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন দফতরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। এরইমধ্যে জোতকার্ত্তিক এলাকায় অবৈধ ভাবে পুকুর খনন শুরু করে বাবুল মাষ্টারসহ কয়েকজন। এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। 

প্রেক্ষিতে রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পুকুর খনন বন্ধ করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।