স্টাফ রিপোর্টার : ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় পাথরের আঘাতে নির্মমভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দেশে আবার যদি কোনো স্বৈরাচারের সৃষ্টি হয় তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। সমাবেশ থেকে চাঁদাবাজ, দখলবাজ , প্রতারক, হুমকি-ধামকিদাতা ও লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কর্মসূচির সাথে একত্ততা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির নেত্রী সালমা সুলতানা মায়া, সাধারণ শিক্ষার্থী খালেদ হাসান মিলু, নাহিদ ইসলাম সাজু, আন্জুমান আরা আরসি প্রমুখ ।
একইদিন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকেও মিছিল বের করা হয়। দুপুরে নগরীর গৌরহাঙ্গা রেলগেট এলাকায় বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে নেতৃত্ব দেন মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী রাতুল ইসলাম ও মোহাম্মদ জিহাদ; ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী মো. আরিফ এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শেখ সাদী।