৩ বৈশাখ, ১৪৩৩
১৬ এপ্রিল, ২০২৬

দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটাই আমাদের লক্ষ্য : আরএমপি কমিশনার

Admin Published: September 30, 2025, 1:34 pm
দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন  হয়, সেটাই আমাদের লক্ষ্য : আরএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় তিনি নগরীর বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে তিনি মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ঐতিহ্যবাহী রাণীবাজার টাইগার পূজা মণ্ডপ ও ধর্মসভা পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন,“ধর্মীয় উৎসব শুধু একটি সম্প্রদায়ের নয়, এটি সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই সম্প্রীতির ঐতিহ্যই আমাদের শক্তি। তাই সবার সহযোগিতায় পূজা যেন আনন্দময় ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আরএমপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নগরজুড়ে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। মাঠ পর্যায়ে ডিবি (গোয়েন্দা পুলিশ), সাইবার ইউনিট, ট্রাফিক বিভাগ, বোমা ডিসপোজাল ইউনিটসহ একাধিক শাখা সক্রিয় রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। দর্শনার্থীরা যেন কোনো ধরনের শঙ্কা ছাড়াই পূজা উদযাপন করতে পারেন, সেজন্য সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রতিমা বিসর্জনের প্রসঙ্গে কমিশনার আবু সুফিয়ান জানান, রাজশাহীর তিনটি ঘাট, আইবাঁধ, মুন্নুজান ও পুলিশ লাইন ঘাটে আলাদা ব্যবস্থাপনা করা হয়েছে। এসব স্থানে পর্যাপ্ত খোলা জায়গা থাকায় দর্শনার্থীদের কোনো ভোগান্তি হবে না। ভিড় সামলাতে ও যানজট এড়াতে বিসর্জনের দিন বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরএমপি কমিশনার আরও জানান, নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়মিত নজরদারি চলছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আরএমপি একটি বিশেষ হটলাইন চালু করেছে, যেখানে ফোন করলেই তাৎক্ষণিক পুলিশি সহায়তা পাওয়া যাবে। প্রতিদিন নিয়মিত ব্রিফিং প্যারেড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভার মাধ্যমে সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মো. শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো. মমিনুল করিমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।