ডিএনএন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকে সর্বনিম্ন সাত-আট ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এস এম হুমায়ুন কবীর বলেন, ‘নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে রুমে বসে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন, সেটিও প্রস্তুত করেছে ইসি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন আসনের ভোটার হচ্ছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন তিনি।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন আজ। তারেক রহমানের সঙ্গে মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন।
অন্যদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।