২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬
রাজশাহীতে আব্দুস সালাম

একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে

Admin Published: March 12, 2025, 4:37 pm
একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা  চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা চেষ্টা করছে বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার। কিন্তু সেই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে রাজশাহী নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্টের সাত মাস পরও রাজনৈতিক ধুম্রজাল বিস্তার করে রাখা হয়েছে। সবাই আমাদের প্রশ্ন করেন নির্বাচন হবে কবে? কীভাবে হবে? রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, এখনো হচ্ছে জানিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, যারা নির্বাচন পেছাতে চান, নির্বাচনের সময় যারা পেছনে নিয়ে যেতে চান, তাদের ব্যাপারে সন্দেহ আছে, তারা আবার আওয়ামী ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চান কিনা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর লড়াই করেছেন, লাঞ্ছিত হয়েছেন। তারপরও সবকিছু ধৈর্যের সঙ্গে অবলোকন করছেন। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেননি, যাতে দেশের আর্থসামাজিক অবস্থার অবনতি না হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, ওবায়দুর রহমান চন্দন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্যামল বক্তব্য দেন। সভায় রাজশাহী বিভাগের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।