স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার শেষ হলো ৫ দিন ব্যাপী কর্মশালা। গত ২০ জুলাই রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলেন কক্ষে অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি এর আয়োজনে ‘‘চিলড্রেন নো বেটার মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন’’ প্রকল্পের প্রশিক্ষণ শুরু হয়।
শিশুদের নেতৃত্ব বিকাশ এবং শিশুর অংশগ্রহণ অর্জনে শিশুদের নেতৃত্ব বিকাশ এবং অংশগ্রহণমূলক গবেষণার মাধ্যমে যৌন শোষণ প্রতিরোধে সক্ষমতা গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন, গোদাগাড়ী ও মোহনপুর উপজেলা থেকে নির্বাচিত ২৫ জন শিশু নেতা ও ১০ জন পিয়ার এডুকেটরের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী তথ্য বিশ্লেষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শিশু নেতারা মাঠ পর্যায়ে যৌন শোষণ বিষয়ক তথ্য সংগ্রহে অংশগ্রহণমূলক গবেষণা পরিচালনা করেছে। এই কর্মশালার মাধ্যমে তারা সেই তথ্য বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে, যা ভবিষ্যতে অ্যাডভোকেসির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে কর্মশালায় জানানো হয়। কর্মশালায় শিশুরা তাদের গবেষণার অভিজ্ঞতা, সমস্যা, ও অর্জন তুলে ধরে। বিভিন্ন বিশ্লেষণী কার্যক্রমের মাধ্যমে যৌন শোষণের কারণ, প্রভাব এবং প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করে তারা।
এই গবেষণা এবং বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে স্পষ্টভাবে বোঝা গেছে যে, শিশুরা যৌন শোষণ প্রতিরোধে শুধু ভুক্তভোগী নয়, বরং সমাধানের অংশীদার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা সক্রিয়ভাবে শিশু সুরক্ষা নিশ্চিত করতে নিজেদের অভিজ্ঞতা ও মতামত কাজে লাগিয়েছে।
কর্মশালাটিতে সহায়ক হিসেবে ভূমিকা রাখেন অ্যাকপেট ইন্টারন্যাশনালের প্রতিনিধি স্যান্ড্রিন কনস্ট্যান্ট এবং টেরে ডেস হোমস-এর হেড অফ প্রোগ্রাম জিনিয়া আফরোজ। তাঁদের দিকনির্দেশনায় কর্মশালাটি একটি অংশগ্রহণমূলক, শিশুবান্ধব এবং ফলপ্রসূ পরিবেশে পরিচালিত হয়।
এই কর্মশালার মাধ্যমে শিশুদের কণ্ঠস্বর যেমন আরও সুসংহত ও সুপ্রতিনিধিত্বশীল হয়েছে, তেমনি তারা নিজেরা সচেতন এবং অধিকার সম্পর্কে আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছে। প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন এই ধরনের অংশগ্রহণমূলক প্রক্রিয়াই শিশু সুরক্ষায় দীর্ঘস্থায়ী পরিবর্তনের পথ দেখাবে বলে মনে করেন। কর্মসূচিটি বাস্তবায়নে তত্ত্ববধান করেন এসিডি নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার, এসিডি ডিরেক্টর প্রোগ্রাম শারমিন সুবরিনা, প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আলী আহম্মেদ, প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার ।