ডিএনএন ডেস্ক: হামাস বুধবার গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি অনুমোদন করেছে। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে। অন্যদিকে মধ্যস্থতাকারী কাতার আশা প্রকাশ করেছে, যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি খুব শিগগির সম্পাদিত হতে পারে।
গাজার ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ শেষ করার জন্য কয়েক মাসের ব্যর্থ প্রচেষ্টার পর মধ্যস্থতাকারীরা কাতারে চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছে যুদ্ধবিরতি স্বাক্ষর করতে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার জানিয়েছিলেন, আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেদিন রাতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এই চুক্তি নিয়ে আলোচনা করেছেন বলে তার দপ্তর জানিয়েছে।
আলোচনায় যুক্ত দুটি ফিলিস্তিনি সূত্র এএফপিকে বুধবার জানিয়েছে, হামাস ও তার মিত্র ইসলামিক জিহাদ প্রস্তাবিত খসড়া চুক্তি অনুমোদন করেছে।
এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে এএফপির এক সূত্র জানায়, ‘প্রতিরোধ গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে একটি চুক্তিতে পৌঁছেছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে, তারা (জিম্মি-বন্দি) বিনিময় চুক্তি ও যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে।