স্টাফ রিপোর্টার : গ্রাম আদালতে ন্যায় বিচার প্রাপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ শুনানী অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও’র উদ্যোগে অনুষ্ঠিত গণশুনানিতে গোগ্রাম ইউনিয়নের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে পাওয়ার পয়েন্টে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শণী, মুক্ত আলোচনা ও গ্রাম আদালতের কার্যকারিতা বিষয়ক লিফলেট বিতরণ করা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে গোগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলাম আলী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি শ্রী সুধীর সরেন, ইউপি সদস্য বোরহান আলী, প্রশাসনিক কর্মকর্তা মোমিনুল ইসলাম, হিসাব সহকারী সাব্বির আহমেদ, সিসিবিভিও প্রতিনিধি নিরাবুল ইসলাম আলোচনা করেন।
গণশুনানীর শুরুতে সকলকে গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের মূলপর্বে আলোচনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমান। তিনি গ্রাম আদালতের কাঠামো, বিচারিক প্রক্রিয়া ও পদ্ধতি, মীমাংসার ধরণ, আবেদন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, সিসিবিভিও’র কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু, যোসেফ হাঁসদা ও সমাজ সংগঠক ভবেশ লাকড়া।