স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর শিহাবকে (১৭) পিটিয়ে হত্যার ঘটনায় মূলহোতা এজাহারভুক্ত প্রধান আসামী রতনকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রতন গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রবিবার রাজশাহী র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে রতনকে গ্রেফতার করা হয়। তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রেমের সূত্র ধরে কিশোর শিহাব গত ২০ অক্টোবর প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে প্রতিবেশীরা তাকে পিটিয়ে আহত করে। এরপর শিহাবকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন অচেতন অবস্থায় থাকার পর ১ নভেম্বর তার মৃত্যু হয়।