স্টাফ রিপোর্টার : ‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে ৫০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের শত সাংস্কৃতিক দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা শুরু হয়েছে। মেলায় ৮টি জনজাতির ঐতিহ্যবাহী ব্যবহার্য জিনিসপত্র (কৃষি ও শিকার যন্ত্রপাতি, গৃহস্থালি ব্যবহার্য, পোশাক, অলংকার, খাবার ও অন্যান্য) প্রদর্শনী করা হচ্ছে।
রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় সিসিবিভিও, রাজশাহীর সহযোগিতায় উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা শুরু হয়।
এ উপলক্ষে শুক্রবার অয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি জনাব সুধীর সরেন। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্র নাথ শিং, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক বিপ্লব মুরমু, জাহাঙ্গীর আলম, আকতার হোসেন ও নৃতাত্ত্বিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ জনজাতিভিত্তিক স্টল পরিদর্শন করেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় অতিথিবৃন্দ নৃতাত্ত্বিক সাংস্কৃতিক অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন ও নৃতাত্ত্বিক সংস্কৃতিক চর্চা অব্যাহত রাখবার আহ্বান জানান। দিনব্যাপী আয়োজনে ৫০টি সাংস্কৃতিক দলের ঐতিহ্যবাহী নৃত্য ও স্টল প্রর্দশন করবার মধ্য দিয়ে প্রথম দিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ও মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক মানুয়েল সরেন, নৃতাত্ত্বিক সাংস্কৃতিক কর্মী জ্যোতি বিশ্বাস এবং নৃতাত্ত্বিক সমাজ কর্মী সুবল কিস্কু, কাদমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সরেন। অনুষ্ঠানে সার্বিক আয়োজনে ভূমিকা পালন করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, মনিটরিং ও আইটি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী, মাঠ কর্মকর্তা পৌ টুডু ও সমাজ সংগঠকবৃন্দ।