৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

গৃহকর্মীদের শ্রমআইনে অন্তর্ভুক্তির দাবি

Admin Published: July 15, 2024, 7:21 pm
গৃহকর্মীদের শ্রমআইনে অন্তর্ভুক্তির দাবি

স্টাফ রিপোর্টার : দেশের প্রায় ৪০ লাখ গৃহকর্মীকে শ্রমআইনে অন্তর্ভুক্তির মাধ্যমে ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি ও গৃহকর্মীর অধিকার রক্ষার দাবিতে রাজশাহীতে র‌্যালি, পথসভা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক গৃহকর্মী দিবস উপলক্ষে সোমবার আয়োজিত দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণ করে রাজশাহী ও ঢাকার প্রায় দুই শতাধিক গৃহকর্মী। দিনের শুরুকে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর র‌্যালী ও পথ সভার উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ‘গৃহকর্মীরা সমাজের বাইরে বিচ্ছিন্ন কোন অংশ নয়। র‌্যালি ও পথসভার উদ্বোধনী পর্বে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী জলা প্রশাসক শামীম আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পথসভায় গৃহকর্মী মর্জিনা সুলতানা বলেন, ‘আমরা আপনার পরিবারের দায়িত্ব নিই বলেই, আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। কিন্তু গৃহকর্মীর প্রাপ্য আপনারা দিতে চান না। ৯৩ শতাংশ গৃহকর্মী মাতৃত্বকালীন ছুটি পান না।  গৃহকর্মীর উপর নির্যাতনের আইনি কার্যক্রম সম্পন্নে এতো হয়রানি হবে? আমরা শ্রমিক হিসেবে কাজ করেও নিজেদের শ্রমিক বলতে পারি না, কারণ আমরা তো শ্রম আইনেই নেই। আমাদের এক দফা এক দাবি, গৃহকর্মকে শ্রমআইনের অন্তর্ভুক্তি।’

পরে ‘গৃহকর্মী পেশায় নিয়োজিত নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে বিভিন্ন দাবি উত্থাপিন করা হয়। এগুলো হলো  শ্রম আইনে গৃহকর্ম পেশাকে অন্তর্ভূক্ত করা, গৃহকর্মীদের সামাজিক মযার্দা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা, গৃহকর্মে শিশুশ্রম সম্পূর্ণরুপে বন্ধ করা, গৃকর্মীদের প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধ করা, নির্ধারিত কর্মঘন্টা, সাপ্তাহিক ছুটি, ন্যূনতম মজুরী নির্ধারণ করা করা।

গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রশীদুল হাসান উপস্থিত ছিলেন। তিনি গৃহকর্মীদের সামাজিক মর্যাদা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগোর পাশাপাশি নাগরিক সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান।

অক্সফ্যাম প্রোগ্রাম অফিসার রাজশ্রী গায়েন এর সঞ্চালনায়, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপপরিচালক শফিকুল ইসলাম, সুজনের সভাপতি সফিউদ্দিন আহমেদ, রাসিক কাউন্সিলর কামরুজ্জামান কামরু প্রমুখ।