৩ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

হজ ফ্লাইট শুরু যেদিন ১৮ এপ্রিল

Admin Published: February 7, 2026, 11:00 pm
হজ ফ্লাইট শুরু যেদিন ১৮ এপ্রিল

ডিএনএন ডেস্ক: চলতি বছরের হজের ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষে হজ এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুসরণ করতে হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত চিঠি হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহনকারী ৩টি এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়।চিঠিতে বলা হয়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রীকে একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।


এতে আরও বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী, প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী পাঠাতে হবে। কোনো এজেন্সি প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করতে পারবে না।


ধর্ম মন্ত্রণালয় চিঠিতে এজেন্সিগুলোকে অনুরোধ করেছে, এক সার্ভিস কোম্পানির হজযাত্রীকে একই ফ্লাইটে পাঠানোর পাশাপাশি, প্রত্যেক এজেন্সির হজযাত্রীর টিকিট যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে। এছাড়া, প্রি-হজ ফ্লাইটের প্রথম ও শেষ পর্যায়ে টিকিটের সীমা যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।