৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

হলুদের সমারোহ, সুবাসিত চারিদিক

Admin Published: January 26, 2025, 6:23 pm
হলুদের সমারোহ, সুবাসিত চারিদিক

জয়পুরহাট প্রতিনিধি: গত বছরে আলুর দাম বেশি পেয়ে চলতি বছরে জয়পুরহাটে অনেকেই সরিষা বাদ দিয়ে আলুর চাষ করেছেন। এজন্য গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে এ জেলায় ৪ হাজারের বেশি হেক্টর জমিতে কমেছে সরিষার চাষ। বর্তমান জেলার বিভিন্ন মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদ সরিষা ফুল। হলুদের সমারোহ আর ফুলের ঘ্রাণ আকৃষ্ট করছে সবাইকে। গত কয়েক বছর সরিষা চাষ করে লাভের মুখ দেখেছেন কৃষকরা। তাই আবহাওয়া অনূকুলে থাকলে এবার বা¤পার ফলন সহ বেশ লাভের আশা করছেন তারা।

জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার পূরানাপৈল, দস্তপুর, শালগ্রাম, হালট্টি ও জলাটুল এলাকায় বিগত বছরগুলোতে সরিষার চাষ বেশি দেখা যেতো। কিন্তু এবার এসব এলাকায় কিছু কিছু জমিতে সরিষা চাষ বাদ দিয়ে আলুর চাষও করেছেন কৃষকরা। গত বছর এ জেলায় সরিষার চাষ হয়েছিল ১৮ হাজার ৩২৫ হেক্টর জমিতে। কিন্তু এবার হয়েছে ১৪ হাজার ১৬৫ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় ৪ হাজার ১৬০ হেক্টর কম। কৃষকরা পরিবারের তেলের চাহিদা পূরণ ও একটু লাভের আশায় এবার এই সরিষা চাষ করেছেন। বর্তমান বিস্তীর্ণ মাঠের সরিষার গাছ ছেয়ে গেছে হলুদ হলুদে। কিছু জমির গাছে গাছে সরিষার দানা আসতে শুরু করেছে। কৃষকরা বলছেন, রোপনের সময় আলুর দাম বেশি হওয়ায় অনেকে সরিষার চাষ বাদ দিয়ে আলুর চাষ করেছেন। তাই গত বছরের তুলনায় এবার সরিষার চাষ কিছুটা কমেছে। এছাড়া এবার সার-কীটনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়েছে তাদের। তাই আবহাওয়া অনুকুলে থাকলে বা¤পার ফলন সহ লাভের আশা করছেন তারা।

জয়পুরহাট সদর উপজেলার গতনশহর এলাকার কৃষক মোস্তাফিজুর রহমান লিটন বলেন, সরিষা চাষের সময় আলুর দাম বেশি হওয়ার কারণে আমার এলাকায় অনেকেই সরিষা চাষ বাদ দিয়ে আলুর চাষ করেছেন। এজন্য এবার গতবারের চেয়ে সরিষার চাষ কিছুটা কমে গেছে। তাই আশা করছি আমরা যারা এবার সরিষার চাষ করেছি তারা ভাল দাম পাবো। শালগ্রামের কৃষক জামির ইসলাম বলেন, আমি এবার ১৪ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। সার-কীটনাশকের দাম এবার বেশি। তাই উৎপাদন খরচ কিছুটা বেড়েছে। গত বছর বিঘা প্রতি ৬ হাজার টাকা খরচ হয়েছিল। কিন্তু এবার ৮ হাজার টাকার মতো খরচ হবে। ভাল দাম পেলে আমরা এবার লাভবান হবো। একই গ্রামের রাজা চৌধুরী নামে এক কৃষক বলেন, সরিষার দাম ভাল পাওয়ায় আমরা প্রতিবছর সরিষা চাষ করি। অন্য ফসলের চেয়ে এই চাষে তেমন ঝামেলা নেই। ফলন ভাল হলে এক বিঘাতে ৭ থেকে ৮ মণ সরিষা পাওয়া যায়। খারাপ হলে ৫ মণ থেকে ৬মণ। ২ হাজার থেকে ২৫শ টাকা মণ সরিষা বিক্রি হয়। অনেক সময় ৩ হাজার টাকাও মণ হয়। এবার আশা করছি ভাল ফলন হবে। আর সরকারের কাছে দাবি আমরা যেন ন্যায্য মূল্য পাই।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সাদিয়া সুলতানা বলেন, জয়পুরহাট জেলায় এ মৌসুমে ১৪ হাজার ১৬৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা আগের মৌসুমের তুলনায় কিছুটা কম। কারণ চাষীরা আলুর দাম বেশি পাওয়ায় আলু চাষে বেশি আগ্রহী হয়েছেন। আমরা উৎপাদন বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা করছি। চলতি মৌসুমে ২৩ হাজার ৬০০ মেট্রিক টন সরিষার উৎপাদন হবে আশা করছি।