স্টাফ রিপোর্টার : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়ায় রাজশাহীর পবা উপজেলায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার তার খালাস পাওয়ার খবর পেয়েই পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে আসা মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন জামায়াতের নেতাকর্মীরা।
হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক মো. আবুল কালাম আজাদের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। পরে আলোচনা সভাও করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, হড়গ্রাম ইউনিয়নের আমির এমদাদুল হক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কাশিয়াডাঙ্গা থানার সেক্রেটারি আব্দুল গাফফার।
সভায় তারা বলেন, মিথ্যা মামলায় এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর অনেক নিরপরাধ ব্যক্তি মুক্তি পেয়েছেন। আজহারুল ইসলামের বিরুদ্ধেও আনীত অভিযোগ ভিত্তিহীন ছিল, যা আইনজীবীরা আদালতে প্রমাণ করতে পেরেছেন।