১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

‘জিয়াউর রহমানের দয়ায় শেখ হাসিনা দেশে এসে রাজনীতি করতে পেরেছিলেন’

Admin Published: August 9, 2025, 6:47 pm
‘জিয়াউর রহমানের দয়ায় শেখ হাসিনা  দেশে এসে রাজনীতি করতে পেরেছিলেন’

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দয়ায় শেখ হাসিনা দেশে এসে রাজনীতি করতে পেরেছিলেন। 

তিনি বলেন, ১৫ আগস্টের পর দেশ যখন অচল পড়েছিলো, তখন কোন রাজনীতি ছিলোনা, মৌলিক অধিকার ছিলোনা। সে সময়ে জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসনো হয়। সে সময়ে তিনি মনে করেছিলেন রাজনীতি ও গণতন্ত্রের কোন বিকল্প নাই। সেজন্য তিনি রাজনীতির মাঠ উন্মুক্ত করেছিলেন। সেইসাথে বাকশাল থেকে আওয়ামী লীগ করার সুযোগ করে দিয়েছিলেন। এর ফলশ্রুতিতে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। 

শনিবার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে কিনি এসব কথা বলেন। আজ রবিবার রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আব্দুস সালাম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগর বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে সু-সংগঠিত ও শক্তিশালী করার জন্য সকল মহল্লা, ওয়ার্ড এবং থানা এর সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বিগত পতিত সরকারের আমলে অফিস ছিলোনা। একত্রিতভাবে কোন সভা সমাবেশ করতে পারা যায়নি। পুলিশ আটক করে নিয়ে যেত। সভা-সামবেশের অনুমতি দিতোনা। এজন্য সে সময়ে বিএনপি একত্রিতভাবে তেমন সভা সামবেশ করতে পারেনি। শেখ হাসিনা বিএনপিকে একটি হটকারী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি কখনো হটকারী পথে যায়নি। বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ঘোষনা ছিলো গণতন্ত্র। 

তিনি বলেন, গণতন্ত্রই একমাত্র উন্নয়নের পথ। বিগত দিনে একটি জাতীয় সরকার গঠন করে বিএনপিকে আসার কথা বললেও বিএনপি সে সময়ে রাজী হয়নি। কারণ বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে। জনগণকে বিশ্বাস করে। জনগণই ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় বসাবে উল্লেখ করে তিনি বলেন, অনেক দল আছে তারা গণতন্ত্রের কথা বলেন। কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে গণতন্ত্র নেই। 

তিনি বলেন, বিএনপি প্রতিটি থানা, জেলা-উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর করে নেতা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করেছে। রবিবার মহানগরীর নেতা নির্বাচনের জন্য সম্মেলন করা হচ্ছে। এই সস্মেলন দীর্ঘদিন হয়নি। এর অনেক কারন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আব্দুস সালাম আরো বলেন, এই কাউন্সিল সফল করতে সাবেক-বতর্মান সবাই উপস্থিত থাকবেন এবং অংশগ্রহন করবেন। 

তিনি আরো বলেন, অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোন ষড়যন্ত্রই কোন কাজে আসেনি। বিএনপি শান্তিতে দল পরিচালনা করতে চান। তিনি বলেন, যে দলে ফল থাকবে সে গাছে ঢিল ছুঁড়বে। ষড়যন্ত্রকারীরা চায়না একটি গণতান্তিক রাষ্ট্র এবং সংসদ গঠিত হোক। ৫ আগস্টের পরে বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু কোন কাজে আসেনি।

আবদুস সালাম বলেন, যারা গণতন্ত্রকে ভয় পায় এবং স্বাধীন দেশকে অস্বীকার করে, তারা ষড়যন্ত্রকারী। তারা নির্বাচন চায়না। তারা বার বার চাপ দিচ্ছে নির্বাচন পেছনোর জন্য। কিন্তু অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ডক্টর ইউনুস আগামী রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারী মাসের মধ্যেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এ ঘোষনার মধ্যে দিয়ে তারেক রহমানের মতামতকে প্রাধান্য দিয়েছেন তিনি। এজন্য দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান তিনি। সেইসাথে সম্মেলন সফল করতে উপস্থিত সকল পর্যায়ের সাংবাদিকদের সহযোগিতা ও সম্মেলনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন।