৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

কোচিং না করেও মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সুশোভন

Admin Published: January 19, 2025, 10:19 pm
কোচিং না করেও মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সুশোভন

ডিএনএন ডেস্ক: মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছেন খুলনার সুশোভন বাছাড়। ৯০ দশমিক ৭৫ নম্বর পেয়ে তিনি প্রথম স্থান অর্জন করেছেন। তবে তিনি কোথাও কোচিং করেননি বলে জানা গেছে। 


রোববার বিকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ ফলাফল প্রকাশ করে। ফলাফল জানার পর থেকেই সুশোভনের বাড়িতে আনন্দের জোয়ার বইছে। 


সুশোভন বাছাড় খুলনা নগরের আজিজের মোড় এলাকার সুভাস চন্দ্র বাছাড়ের একমাত্র ছেলে। সুভাস চন্দ্র খুলনা নগরের টিঅ্যান্ডটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। সুশোভনের মা বন্দনা সেন গৃহিণী। সুশোভন টিঅ্যান্ডটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। 


সুশোভনের বাবা গণমাধ্যমকে বলেন, আমার ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। তবে আমরা তাকে কোনো কোচিং করাইনি। সে বাড়িতে পড়াশোনা করেই প্রস্তুতি নিয়েছে। পরীক্ষা দিয়ে বলেছিল ৯০ শতাংশের বেশি নম্বর পাবে। প্রথম হবে ভাবিনি, তবে চান্স পাবে জানতাম।