২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

কুষ্টিয়ায় বজ্রপাতে চার কৃষকসহ নিহত ৫

Admin Published: October 9, 2024, 11:09 pm
কুষ্টিয়ায় বজ্রপাতে চার কৃষকসহ নিহত ৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথুরাপুর ইউনিয়নের দুটি গ্রামে বজ্রপাতে গৃহবধূ ও চার কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।


Google news

ডিএনএন ডেস্ক :  বুধবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের হোসেনাবাদ গড়েরপাড়া ও ফারাকপুর গ্রামে বজ্রপাতে তারা মারা যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  গড়েরপাড়া গ্রামের নিহতরা হলেন- হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও আব্দুল ওয়াবেদের ছেলে সুমন (৩৫)। তারা সবাই কৃষি কাজে জড়িত। 


অপর নিহতের নাম জহুরা খাতুন (৪০)। তিনি ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী।  


স্থানীয় ও নিহতদের পারিবার সূত্রে জানা যায়, আজ বিকেলে গড়েরপাড়া এলাকার সাত থেকে আটজন কৃষক মাঠে কাজ করছিলেন। এ সময় আকাশে মেঘ দেখে মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নেন কৃষকরা। বজ্রপাত হলে তারা সবাই আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে তিন কৃষককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কৃষক সুমন মারা যান। 


অপরদিকে, ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় জহুরা খাতুন বজ্রপাতে আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘তিনজন পুরুষ ও একজন নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বজ্রপাতে আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’