১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

নাটোরে হত্যা মামলায় বিএনপি নেতা দুলুসহ ১৪ জন খালাস

Admin Published: September 25, 2024, 4:15 pm
নাটোরে হত্যা মামলায় বিএনপি নেতা দুলুসহ ১৪ জন খালাস

স্টাফ রিপোর্টার : নাটোরের যুবলীগ কর্মি রাকিব ও রায়হান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ নাটোর জেলা বিএনপির ১৪ নেতা কর্মিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোঃ মাইনুদ্দীন এই রায় প্রদান করেন।


মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৫ সালে ৫ জানুয়ারী আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গনতন্ত্র রক্ষায় বিজয় র‌্যালী কর্মসূচিতে যাওয়ার সময় নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় রাকিব ও রায়হান নামের দুইজনকে গুলি করে হত্যা করে দর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পরে পুলিশ তদন্তে প্রাপ্ত আসামী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।


আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর জানান, এ মামলায় বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ আদালতের বিচারক আসামী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার আসামী ১৪ জনকে খালাস দেন।  


মামলা থেকে খালাস পেয়ে বিএনপি নেতা দুলু জানান, দেরিতে হলেও আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু রাকিব ও রায়হানের হত্যার মুল পরিকল্পনাকারী ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।