সিনিয়র স্টাফ রিপোর্টার, পাবনা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানীর শিকার হলে তাদের সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (০২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে প্রক্টর ড. কামাল হোসেন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানীর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উক্ত সহযোগিতা গ্রহণের জন্য পাবিপ্রবির সহকারী প্রক্টর ড. মো. লোকমান আলী (মোবাইল ০১৭৪৭-৯২৯১২৩), ড. মাসুদ রানা (মোবাইল ০১৭২৯-৫৯১৭৯৯) ও ইয়াহিয়া ব্যাপারী (মোবাইল ০১৭১১-৪৬১৪২৬) এর সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানীর শিকার না হয়, এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবানও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে প্রক্টর ড. কামাল হোসেন বলেন, 'উপাচার্য মহোদয়ের নির্দেশে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে এই সিদ্ধান্ত গ্রহণ করে বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।’