ডিএনএন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু বিশেষ মহল সোশ্যাল মিডিয়া হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনি প্রচার কলঙ্কিত করার চেষ্টা করছে। বিশেষত নারীদের বিষয়ে দলের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারিত হচ্ছে। আমাদের নীতিমালা এবং মূল্যবোধ স্পষ্ট করার জন্য আমি এটি শেয়ার করছি।
জামায়াত আমির বলেন, আমাদের ইশতেহার প্রথম দিন থেকেই স্পষ্ট। আমরা চাই নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা, নিরাপদ কর্মক্ষেত্র এবং মর্যাদাপূর্ণ চাকরিতে অংশগ্রহণ নিশ্চিত হোক। প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মপরিবেশ এবং শিশু যত্নসহায়তা আমাদের অঙ্গীকারের অংশ।
তিনি আরও বলেন, আমরা রাজনীতি ও স্থানীয় সরকারের নেতৃত্বে নারীর অংশগ্রহণ, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদাকে সমর্থন করি। এগুলো নতুন নীতি নয়; এটি আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
ডা. শফিকুর রহমান বলেন, আমার রেকর্ড, নীতি এবং ইশতেহার অনুযায়ী আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়। ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে সব প্রতিশ্রুতি বিস্তারিত বর্ণনা করা হবে। আমাদের অঙ্গীকার বাস্তবসম্মত, পরিমাপযোগ্য এবং নারীদের জন্য নিরাপদ শিক্ষা, সমান সুযোগ, স্বাস্থ্যসেবা ও নেতৃত্ব নিশ্চিত করবে।
তিনি পোস্টের শেষে উল্লেখ করেন, নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়, আর সেই ভবিষ্যৎ গড়তেই আমরা কাজ করছি।