৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

পাবিপ্রবিতে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ

Admin Published: August 18, 2024, 6:20 pm
পাবিপ্রবিতে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ

সিনিয়র স্টাফ রিপোর্টার, পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। 

আহত ছাত্রলীগ কর্মীর নাম জামিউল ইসলাম হিমেল (২৪)। তিনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেহজাদ হাসানের অনুসারী। 

ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী জানান, বেলা ১১টার দিকে তিনি হল থেকে খাবার খেতে ক্যাম্পাস গেটে যান। এ সময় একজন ছেলে এসে তাকে ফরিদা টাওয়ারের দিকে ডেকে নিয়ে যান। এরপর ঐ ছেলের সাথে আরো তিনজন ছেলে যোগ দেন। পরে ফরিদা টাওয়ারের সামনে নিয়ে তার হাতে এবং পায়ে ছুরিকাঘাত করেন তারা। ছুরিকাঘাতে আহত হলে তার সহপাঠীরা এসে প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করান। পরে মেডিকেল সেন্টারের ডাক্তারদের পরামর্শে তার সহপাঠীরা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করান। 

ছাত্রলীগ কর্মী জামিউল ইসলাম হিমেল বলেন, 'আমি ছাত্রলীগ করতাম তা ঠিক। কিন্তু কারো সাথে আমার দ্বন্দ্ব ছিল না। এরপরও কেন আমাকে ছুরিকাঘাত করলো বলতে পারছিনা। ছাত্রলীগ করার কারণে এটা হয়েছে কিনা সেটাও বলতে পারছিনা।' 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাসুদ রানা বলেন, 'সকালে আমাদের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। পরে আমি ওকে দেখতে যাই। হিমেল লিখিত অভিযোগ করলে এই ঘটনার সাথে কারা জড়িত ছিল আমরা খুঁজে বের করতে চেষ্টা করবো।'