৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

Admin Published: January 20, 2025, 6:22 pm
পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

স্টাফ রিপোর্টার, পাবনা : পাবনায় হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন দলীয় নেতাকর্মীরা।


সোমবার (২০ জানুয়ারি) বিকেলে পাবনা শহরের ক্যাফে পাবনায় সংবাদ সম্মেলন ও পরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন করেন তারা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।


সংবাদ সম্মেলনে হিজবুত তওহিদের পাবনা জেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,  গত রোববার (১৯ জানুয়ারি) রাতে হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুরের নফসারের ভাটা মোড় এলাকায় হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা চালায়। বাজিতপুর এলাকার মৃত আজিজুলের ছেলে মুন্না প্রামানিকের নেতৃত্বে আনুমানিক ৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বন্দুক, চাপাতি, চাইনিজ কুড়াল, রড এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। এ সময় কুপিয়ে ও গুলি করে অন্তত ১০ সদস্যকে আহত করে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি পাবনা জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।


তিনি আরও বলেন, ২০২২ সালের ২৩ আগষ্ট  চরঘোষপুরের ওই এলাকার কার্যালয়ে এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীটি অতর্কিত হামলা চালিয়েছিল। সেদিন রাতে প্রায় ৪০-৫০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সুজন মন্ডল নামের একজনকে হত্যা করে। সেই মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা হলেও বিগত সরকারের সময় মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। জেল থেকে সহজেই বেড়িয়ে এসে আসামিরা গত দেড় বছর ধরে ভুক্তভোগী পরিবারগুলোকে মামলা তুলে নিতে চাপ দিয়ে আসছে। এমনকি তারা মাঝে মধ্যে হামলা ও হত্যার হুমকিও দিয়ে আসছিল।


বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে লালিত এই আসামিরা গত ৫ আগস্টের পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে মামলার বাদী সেলিম শেখের বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায়। সম্প্রতি সময়ে তারা আবারও হুমকি-ধামকি দিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে আমরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। কিন্তু তাতে কোনো কাজ হয়নি, সন্ত্রাসীরা রোববার রাতে আবারো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, হেযবুত তওহীদের খুলনা অঞ্চলের আঞ্চলিক সভাপতি শামসুজ্জামান মিলন, পাবনা জেলা সভাপতি, মাহতাব উদ্দিন, সাবেক পাবনা জেলা সভাপতি সেলিম শেখ ও সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ।


এ বিষয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, গতকাল এ ঘটনা জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকজন আহতকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।